অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি গুগলের

২৩ জানুয়ারি, ২০২১ ১৫:৪৭  
মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি দিয়েছে গুগল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের ঐতিহাসিক এই আইন বাস্তবায়িত হলে সংবাদ কনটেন্টের জন্য দেশটির প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল, ফেসবুকসহ অন্য প্রযুক্তি কোম্পানিগুলো, যারা এ ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচারের মাধ্যমে মুনাফা করে। গুগল বলছে, এ ধরনের আইন করলে তা অস্ট্রেলিয়ায় তাদের সেবাকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তার দেশের আইনপ্রণেতারা হুমকিতে পিছু হটবেন না। এ আইন হলে গুগল ও ফেইসবুককে অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকদের সঙ্গে বসে কনটেন্টের মূল্য নির্ধারণের জন্য আলোচনায় আসতে হবে। গুগল অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা শুক্রবার সেনেটের শুনানিতে বলেছেন, যে খসড়া নিয়ে আলোচনা হচ্ছে, সেটাই যদি আইন হিসেবে পাস হয়, তাহলে অস্ট্রেলিয়ায় গুগল সার্চ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় তাদের থাকবে না।